1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আজও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। দাবি আদায়ে রোববার সকালে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ওই সড়কে প্রায় আধ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মৌচাক এলাকার পাঁচটি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয় পাশে তৈরি হয় দীর্ঘ যানজট।

খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিতে চেষ্টা করেন। এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে শ্রমিকরা সরে গেলে ৯টার দিকে ফের যান চলাচল শুরু হয়।

ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে মৌচাক ও আশেপাশের এলাকায় বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এদিকে সকাল থেকে বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় চলছে উৎপাদন কার্যক্রম। সকাল ৮টা থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে দেখা গেছে। পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। বিচ্ছিন্ন সড়ক অবরোধ ছাড়া ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে গতকাল শ্রমিকদের বিক্ষোভের মুখে চন্দ্রা পল্লী বিদ্যুৎ ও আশেপাশের এলাকাসহ বেশ কিছু এলাকায় অবস্থিত ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চল -২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, রোববার গাজীপুরে বিভিন্ন কারণে ছয়টি কারখানা বন্ধ রেখেছে মালিক পক্ষ। এ ছাড়া অন্যান্য কারখানায় সকাল ৮টা থেকে উৎপাদন চলছে। তবে সকাল সাড়ে ৮টার দিকে মৌচাক এলাকায় পাঁচটি কারখানার শ্রমিকরা কিছু সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেয়।

অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশ, থানা পুলিশ, বিজিবি, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন দায়িত্ব পালন করছেন বলেও জানান গাজীপুর শিল্পাঞ্চল -২ এর পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com