1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

পঞ্চগড়ের বোদা উপজেলায় যাত্রীবাহী থ্রি-হুইলারে ট্রাকের ধাক্কায় এক সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে, ঘটনার দিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের পাঠানপাড়া এলাকার বাসিন্দা ও পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা খানম, তার সাত বছর বয়সী মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি এবং সাকোয়া ইউনিয়নের খেলারাম গ্রামের কান্দুর স্ত্রী প্রমিলা রাণী (৩০)। আলী আজগর খোকন খাদ্যবিষয়ক গণমাধ্যম ধারা নিউজের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত।

আহতরা হলেন-সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬) ও তার মেয়ে স্বীকৃতি (৭) এবং চন্দনবাড়ি ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবোঝাই থ্রি-হুইলারটি বোদা উপজেলার সাকোয়া বাজার থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে কৈকিল্লা দিঘী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক থ্রি-হুইলারটিকে ধাক্কা দেয়। এতে থ্রি-হুইলারটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তী সময়ে মাহমুদা খানম ও তার মেয়ে আল আকসা সুমাইয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। অন্যদিকে, প্রমিলা রাণী ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল বলেন, শুক্রবার বিকেলে কৈকিল্লা দিঘী এলাকায় ট্রাকের ধাক্কায় থ্রি-হুইলারের তিন যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com