1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে ট্যাংকারের ধাক্কায় উল্টে গেল যাত্রীবাহী প্রমোদতরি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় যাত্রীবোঝাই প্রমোদতরি উল্টে গেছে। শুক্রবারের (১৩ নভেম্বর) এ দুর্ঘটনায় জাহাজটিতে থাকা ১৮০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের সবাই বেঁচে গেছেন। তবে আহত ৩২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কারও আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো।

মেয়র জানান, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে জাহাজে থাকা সবার খোঁজ পাওয়া গেছে। কেউ নিখোঁজ নেই। উদ্ধারকর্মীদের প্রশংসা করে তিনি বলেন, ‘মিসিসিপি নদীতে এমন ঘটনায় একজনও নিখোঁজ না থাকা সত্যিই অলৌকিক ব্যাপার।’

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, বন্দরে নোঙর করে থাকা প্রমোদতরি ‘আমেরিকান হেরিটেজ’-কে সজোরে ধাক্কা দেয় আকারে অনেক বড় ‘আটলান্টিক অ্যাসফাল্ট’ নামের ট্যাংকারটি। এতে ধাতব কাঠামো ও কাচ ভেঙে পড়ে। দুর্ঘটনার কয়েক মিনিটের মধ্যেই প্রমোদতরিটি একদিকে কাত হতে শুরু করে এবং পরে উল্টে যায়। তখনো উদ্ধারকর্মীরা যাত্রীদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন।

ধাক্কায় জাহাজটিতে পানি ঢুকতে শুরু করলে বহু যাত্রী ও কর্মী নদীতে পড়ে যান। টাগবোটের চালক, আশপাশের কর্মী, পুলিশ ও অন্যান্য উদ্ধারকর্মী দ্রুত তাদের উদ্ধারে এগিয়ে আসেন। নদীতে পড়ে যাওয়া যাত্রীদের পাশাপাশি অন্তত দুই পুলিশ সদস্যকেও উদ্ধার করা হয়। সে সময় নদীর পানির তাপমাত্রা ছিল প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াস।

নিউ অরলিন্স বন্দরের কাছে কর্মরত ডেভন ফ্লানাগান জানান, কর্মীদের দৌড়ে জেটির দিকে যেতে দেখে তিনি গাড়ি থেকে নেমে ঘটনাস্থলে যান। সেখানে প্রমোদতরিটিকে কাত হয়ে থাকতে এবং যাত্রীদের পানিতে ভাসতে দেখেন।

তিনি বলেন, ‘চারদিকে তখন বিশৃঙ্খল অবস্থা। বিভিন্ন কোম্পানির বার্জসহ নানা ধরনের জাহাজ উদ্ধারকাজে এগিয়ে এসেছিল। তবে পানিতে তখনো মানুষ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।’

যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের ক্যাপ্টেন মেলানি বার্নহামের ধারণা, ট্যাংকারটির স্টিয়ারিং বা দিকনিয়ন্ত্রণ ব্যবস্থায় কোনো ধরনের ত্রুটি দেখা দিয়েছিল। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

দুর্ঘটনার তদন্ত করবে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি)। তবে আকাশপথে যোগাযোগব্যবস্থার সমস্যায় দেশজুড়ে সব ফ্লাইট চলাচল বন্ধ থাকায় সংস্থাটির কর্মকর্তারা শুরুতে নিউ অরলিন্সে পৌঁছাতে পারেননি।

আহত না হওয়া যাত্রীদের কাছের একটি মিলনায়তনে নেওয়া হয়। সেখানে প্রমোদতরির কর্মকর্তারা তালিকা ধরে সবার উপস্থিতি নিশ্চিত করেন। মেয়র জানান, দুর্ঘটনায় অনেকের পরিচয়পত্র, এমনকি গাড়ির চাবিও হারিয়ে গেছে। তাদের বেশির ভাগই অন্য শহর থেকে এসেছিলেন।

মোরেনো বলেন, ‘তাদের ফোনের চার্জার দরকার ছিল। কারও কারও কাছে ফোনও ছিল না। এখন দুর্ঘটনাটি জাতীয় সংবাদে পরিণত হয়েছে। তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানাতে চান যে তারা নিরাপদে আছেন। তাদের খাবার, হোটেল, পরিবহন; সবকিছুর প্রয়োজন।’

২০১৫ সালে নির্মিত পাঁচতলা প্রমোদতরিটি পরিচালনা করে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান আমেরিকান ক্রুজ লাইনস। এতে সর্বোচ্চ ১৫০ জন যাত্রী ধারণের সক্ষমতা রয়েছে। লুইজিয়ানা ও মিসিসিপির বিভিন্ন গন্তব্য ঘুরে আট দিনের ভ্রমণ শেষে নিউ অরলিন্সে ফিরছিল জাহাজটি।

মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ১৬০ মিটার দীর্ঘ ট্যাংকারটির গন্তব্য ছিল নিউ অরলিন্স। এটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী জাহাজ।

টুলেন বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক আইন বিশেষজ্ঞ মার্টিন ডেভিস বলেন, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে ভিডিওতে জাহাজটির কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থায় বড় ধরনের ত্রুটির ইঙ্গিত পাওয়া যায়। যাত্রীরা যখন জাহাজ থেকে নামছিলেন, ঠিক তখনই সেটির সঙ্গে ট্যাংকারের সংঘর্ষ ঘটে; এটিও ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক।

ডেভিসের মতে, ট্যাংকারটি স্রোতের বিপরীতে ধীরে ধীরে উজানের দিকে যাচ্ছিল। এ অবস্থায় চলন্ত জাহাজের সঙ্গে এমন দুর্ঘটনা ঘটার অর্থ, কোনো গুরুতর সমস্যা তৈরি হয়েছিল। সাধারণত স্থানীয় জলপথ সম্পর্কে অভিজ্ঞ পাইলটরা ট্যাংকারে থেকে দিকনির্দেশনা দেন। দুর্ঘটনার আগে জাহাজটি মিসিসিপি নদীর কঠিন বাঁক আলজিয়ার্স পয়েন্টও পার হয়েছিল।

মেরিন ট্রাফিকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ট্যাংকারটির মালিক চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের একটি সহযোগী প্রতিষ্ঠান। সহযোগী প্রতিষ্ঠানটি লাইবেরিয়ায় নিবন্ধিত এবং তাদের নামে অন্য কোনো জাহাজের তথ্য পাওয়া যায়নি।

স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে অ্যাসফাল্টবাহী ট্যাংকারটির তত্ত্বাবধানে থাকা চীনা প্রতিষ্ঠানটি বৈশ্বিক বাণিজ্যিক জাহাজ নির্মাণের প্রায় এক-চতুর্থাংশ বাজারের নিয়ন্ত্রণে ছিল। সে সময় প্রতিষ্ঠানটি বিশ্বের বৃহত্তম সামরিক জাহাজ নির্মাতাও ছিল।

শুক্রবার বিকেলে এ বিষয়ে মন্তব্য জানতে চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের কাছে ই-মেইল পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি।

ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে চীনের সামরিক বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে মার্কিন বিনিয়োগকারীদের অর্থ ব্যবহারের অভিযোগে চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনসহ দুই ডজনের বেশি চীনা প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করেছিল তার প্রশাসন। তবে ওই নির্বাহী আদেশে প্রতিষ্ঠানগুলোর সব ধরনের অর্থনৈতিক লেনদেন বন্ধ করা হয়নি; বরং যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে তারা কী ধরনের লেনদেন করতে পারবে, সে বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় জড়িত ট্যাংকারটি বিপুল পরিমাণ অ্যাসফাল্ট ও বিটুমিন পরিবহনে বিশেষায়িত। সড়ক নির্মাণ ও ছাদ তৈরির কাজে ব্যবহৃত হয় এই আধা-কঠিন পদার্থ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com