তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় কমানো এবং সাশ্রয়ী মূল্যে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় প্রত্যেক পোশাকশ্রমিক ৩০ টাকা কেজি দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কেনার সুযোগ পাচ্ছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় শ্রমজীবী মানুষের খাদ্য ব্যয় কমাতে খাদ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
যেসব এলাকায় ও যেভাবে চলবে কার্যক্রম : খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে দেশের প্রধান ৬টি তৈরি পোশাক শিল্পাঞ্চলের ৬৬টি ট্রাকসেল কেন্দ্রের মাধ্যমে এ চাল বিক্রি করা হচ্ছে। প্রতিটি
ট্রাকে ৫ মেট্রিক টন করে প্রতি শুক্রবার মোট ৩৩০ মেট্রিক টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গাজীপুর ৩০টি ট্রাকে ১৫০ মেট্রিক টন, নারায়ণগঞ্জ ১০টি ট্রাকে ৫০ মেট্রিক টন, চট্টগ্রাম ১০টি ট্রাকে ৫০ মেট্রিক টন, সাভার ৮টি ট্রাকে ৪০ মেট্রিক টন, ঢাকা মহানগরী ৬টি ট্রাকে ৩০ মেট্রিক টন, ধামরাই ২টি ট্রাকে ১০ মেট্রিক টন।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতি শুক্রবার দুই দফায় (সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত) চালের মজুদ থাকা সাপেক্ষে এ বিক্রয় কার্যক্রম চলবে।
প্রকৃত পোশাকশ্রমিকদের কাছে এ সুবিধা পৌঁছে দিতে শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে এবং চাল সংগ্রহের সময় সংশ্লিষ্ট কারখানার মাস্টার রোলে স্বাক্ষর করতে হবে। কর্মসূচির প্রথম দিন আজ সকাল থেকেই নির্ধারিত কেন্দ্রগুলোয় শ্রমিকদের সুশৃঙ্খলভাবে চাল সংগ্রহ করতে দেখা গেছে।
কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতিটি ট্রাকের বিপরীতে একজন তদারকি কর্মকর্তা নিয়োগের পাশাপাশি খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পৃথক মনিটরিং টিম সরেজনি তদারকি করছে। সরকারের এ উদ্যোগ বাজারদরের চাপে থাকা পোশাকশ্রমিকদের সংসারে স্বস্তি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply