আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। একই সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেট ও ওয়ানডে ঘরোয়া ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। তবে বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ম্যাক্সওয়েল।
গত বছরের জুনে ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ম্যাক্সওয়েল। তবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও অস্ট্রেলিয়া দলে ছিলেন এই অলরাউন্ডার। যদিও গ্রুপ পর্ব পেরোতে পারেনি তার দল। গত ফেব্রুয়ারিতে ওমানের বিপক্ষে সেই বিশ্বকাপের ম্যাচটিই হয়ে থাকল দেশের হয়ে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। ওই ম্যাচে বল হাতে দুটি উইকেট নিলেও ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি।
‘দ্য ফাইনাল ওয়ার্ড’ নামের পডকাস্টে ম্যাক্সওয়েল বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও পরে আমরা বেশ কয়েকবার আলোচনা করেছি। বিষয়টি অনেকটাই খোলামেলা ছিল। অস্ট্রেলিয়া দলের ব্যবস্থাপনা থেকেও কোনো চাপ ছিল না। তাই আমরা বিষয়টি অনির্ধারিত রেখেছিলাম। সামনে কয়েকটি সিরিজ ছিল, যেখানে তারা ভবিষ্যতের কথা ভাবতে চেয়েছিল। বাংলাদেশ সফরেও আমরা সেটি দেখেছি। সেখানে কয়েকজন নতুন ক্রিকেটার সুযোগ পেয়েছে এবং ভালো পারফরম্যান্স করেছে।’
দুটি ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন ম্যাক্সওয়েল। ২০২১ সালে অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ফাইনালে জয়সূচক রানও এসেছিল তার ব্যাট থেকে। তবে নিজের ঘরের মাঠে দেশের হয়ে শেষবারের মতো মাঠে নামার সুযোগ পেলে ভালো লাগত বলে জানিয়েছেন তিনি।
ম্যাক্সওয়েল বলেন, ‘আমার ছোট্ট একটা আশা ছিল, কিংবা এ নিয়ে আলোচনা হয়েছিল যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হয়তো বিদায়ী ম্যাচ খেলার সুযোগ পেতে পারি। তবে দল নিয়ে তারা যে পথে এগোচ্ছে, সেটি আমি পুরোপুরি বুঝতে পারছি। আগামী ১২ থেকে ২৪ মাসে দলে অনেক পরিবর্তন আসবে। ২০২৮ সালের অলিম্পিকও সামনে রয়েছে। তাই নতুন উঠে আসা কয়েকজন ক্রিকেটারকে দেখে নেওয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটের চাপের সঙ্গে পরিচিত করানো জরুরি। বিগ ব্যাশ লিগে খেলে সব সময় সেই অভিজ্ঞতা পাওয়া যায় না।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় নিয়মিত খেলছেন ম্যাক্সওয়েল। গত সেপ্টেম্বরে ইউরোপীয় টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের প্রথম আসরে বেলফাস্ট উলভসকে ফাইনালে তুলেছিলেন তিনি। এর পাঁচ দিন পর এক দিনের ঘরোয়া প্রতিযোগিতায় ভিক্টোরিয়ার হয়ে দুটি ম্যাচ খেলেন এই অলরাউন্ডার।
ভিক্টোরিয়ার হয়ে শেষ ম্যাচ খেলার পর সতীর্থদের নিজের সিদ্ধান্ত জানানোর অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন ম্যাক্সওয়েল।
তিনি বলেন, ‘ভিক্টোরিয়ার হয়ে শেষ এক দিনের ম্যাচ খেলার পর সতীর্থদের জানানো যে এটাই রাজ্যের হয়ে আমার শেষ ম্যাচ, বিষয়টি আমার ধারণার চেয়েও কঠিন ছিল। আমার পুরো ক্যারিয়ারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যখনই ফিরে এসেছি, দারুণ সতীর্থ ও রাজ্য ক্রিকেট সংস্থার কাছ থেকে অনেক সমর্থন পেয়েছি। দলের সবার সামনে কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারিনি। তবে এখন শরীরের যত্নে আরও বেশি সময় দেওয়ার প্রয়োজন। ক্যারিয়ারের বাকি কয়েকটি প্রতিযোগিতায় খেলতে হলে নিজেকে পুরোপুরি প্রস্তুত রাখতে হবে।’
সামনেই অস্ট্রেলিয়া সফরে আসছে ইংল্যান্ড। সফরে মেলবোর্নে একটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচও রয়েছে। সেই ম্যাচে খেলার জন্য নিজেকে প্রস্তুত করার কথা একসময় ভেবেছিলেন ম্যাক্সওয়েল।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সুযোগ ছিল। তবে বিগ ব্যাশ লিগের জন্য হাঁটুতে ইনজেকশন নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। দুই দিক থেকেই ইতিবাচক কিছু পাওয়ার সুযোগ ছিল। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথটি বন্ধ হওয়ার পর শরীরের যত্নে সময় দিতে পেরেছি। বিগ ব্যাশের জন্য শক্তিশালী ও প্রস্তুত হতে আবারও টানা আট সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।’
ম্যাক্সওয়েল আরও বলেন, ‘ছোটবেলা থেকে যেসব নায়ক ও আদর্শ ক্রিকেটারকে দেখে বড় হয়েছি, তাদের বিদায়ের গল্পগুলো মনে পড়ছিল। একসময় নিজের মনেও তেমন একটি বিদায়ী ম্যাচের ভাবনা এসেছিল। অন্য কোনো সংস্করণের ক্ষেত্রে হয়তো এমন কিছু চাইতাম না। কিন্তু এই সংস্করণে চেয়েছিলাম। কারণ, গত ১৫ বছর ধরে টি-টোয়েন্টি ক্রিকেটকে নিজের ঘরের মতোই মনে হয়েছে।’
অস্ট্রেলিয়ার হয়ে ১৩০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। ১৫৪.৪২ স্ট্রাইক রেটে করেছেন ২ হাজার ৮৯৭ রান। বল হাতে নিয়েছেন ৫১ উইকেট। এই সংস্করণে তার সেঞ্চুরি পাঁচটি, যা ভারতের রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে বিশ্ব রেকর্ড।
অস্ট্রেলিয়ার হয়ে সাতটি টেস্টও খেলেছেন ম্যাক্সওয়েল। ২০১৭ সালে সর্বশেষ টেস্ট খেলেন তিনি। এই সংস্করণে তার রান ৩৩৯। ভারতের বিপক্ষে রাঁচিতে করা ১০৪ রান তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
Leave a Reply