যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের আগের দিন সোমবার শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কংগ্রেসের প্রার্থীরা। হাউজ অব রিপ্রেজেন্টেটিভস ও সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখা নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি কয়েকটি অঙ্গরাজ্যে নির্বাচন ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে।
এবারের নির্বাচনে মিশিগান বিশেষ গুরুত্ব পাচ্ছে। ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ জয়ী হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হওয়ার সুযোগ তৈরি হবে। অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় অনিবন্ধিত নাগরিকদের ভোট গণনা বন্ধের জন্য ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টা সুপ্রিম কোর্ট নাকচ করে দেওয়ায় নির্বাচন ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
মধ্যবর্তী নির্বাচনে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫টি আসন এবং সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসনে ভোট হচ্ছে। জনমত জরিপে হাউজ অব রিপ্রেজেন্টেটিভস পুনর্দখলের ক্ষেত্রে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া গেলেও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লড়াই তাদের জন্য কঠিন বলে মনে করা হচ্ছে।
কংগ্রেসের যেকোনো একটি কক্ষের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের বাকি দুই বছরের শাসনামলে তার প্রশাসনের ওপর চাপ বাড়বে। ডেমোক্র্যাটরা প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড তদন্তের সুযোগ পাবেন। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেলে ফেডারেল আদালত, এমনকি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগেও বাধা দিতে পারবেন তারা।
এদিকে নির্বাচনের আগে শেষ প্রচারণামূলক বক্তব্যে ট্রাম্প ওয়াশিংটনের লিংকন মেমোরিয়ালের সংস্কারকাজের প্রশংসা করেন। দ্বিতীয়বার হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের পর রাজধানীর বিভিন্ন অবকাঠামো প্রকল্পকে অগ্রাধিকার দিয়েছেন তিনি।
পরে ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে টেলিফোনে কথা বলার সময় রিপাবলিকান সমর্থকদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান ট্রাম্প। এমনকি ভোটারদের উদ্দেশে বলেন, তারা যেন মনে করেন নির্বাচনে তার নিজের নামও ব্যালটে রয়েছে।
তিনি বলেন, ‘আমাদের ভোট দিতে হবে। আমাদের লোকজন ভোট দিলে আমরা বিশাল ব্যবধানে জিতব।’
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, গত ৩২ দিনে ২০টি অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন ট্রাম্প। সোমবার ওয়াশিংটনের লিংকন মেমোরিয়ালের সংস্কার করা পুকুর পুনরায় চালুর অনুষ্ঠানে বক্তব্যের মধ্য দিয়ে তার সরাসরি প্রচার শেষ হয়।
এছাড়া রয়টার্স-ইপসোসের সোমবারের এক জরিপে দেখা গেছে, কংগ্রেস নির্বাচনে নিবন্ধিত ভোটারদের ৪৬ শতাংশ ডেমোক্র্যাটদের এবং ৩৮ শতাংশ রিপাবলিকানদের ভোট দেওয়ার কথা জানিয়েছেন।
আগাম ভোটেও রেকর্ড হয়েছে। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন ল্যাবের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল পর্যন্ত ডাকযোগে ও সরাসরি ভোট দিয়েছেন ৫ কোটি ৭০ লাখ ভোটার। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে মোট আগাম ভোটের সংখ্যা ছিল ৪ কোটি ৫০ লাখ।
অন্যদিকে মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদের সঙ্গে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। চিকিৎসক ও সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা এল-সায়েদ নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হবেন।
তার প্রচারণা ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। ট্রাম্পসহ কয়েকজন রিপাবলিকান নেতা তার যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন এবং প্রমাণ ছাড়াই তাকে সন্ত্রাসবাদে সমর্থনদাতা হিসেবে আখ্যা দিয়েছেন। এসব অভিযোগকে ‘লজ্জাজনক’ বলে প্রত্যাখ্যান করেছেন এল-সায়েদ।
এদিকে ডেমোক্র্যাট প্রাইমারিতে এল-সায়েদের কাছে পরাজিত প্রতিনিধি পরিষদের সদস্য হ্যালি স্টিভেন্স সম্প্রতি রিপাবলিকান প্রার্থী রজার্সকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এর পরদিন রোববার এল-সায়েদের প্রচারশিবির ২৪ লাখ ডলার অনুদান সংগ্রহ করে, যা এক দিনে তাদের সর্বোচ্চ তহবিল সংগ্রহ।
সোমবার ফক্স নিউজের অনুষ্ঠানে রজার্স এল-সায়েদকে ‘অতিরিক্ত উগ্রপন্থী’ বলে মন্তব্য করেন। মিশিগানের এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, এই নির্বাচন কখনোই কারও ধর্মীয় বিশ্বাস নিয়ে ছিল না; বরং চিন্তাভাবনা, দর্শন ও আদর্শের বিষয়।
নির্বাচনী সমাবেশে বিভেদ দূর করে ঐক্য গড়ার আহ্বান জানান এল-সায়েদ। তিনি বলেন, ভৌগোলিক অবস্থান, বর্ণ, যৌন পরিচয়, লিঙ্গ পরিচয় ও ধর্মীয় বিশ্বাসের বিভেদ অতিক্রম করে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।
পাশাপাশি ক্যালিফোর্নিয়ায় ২০ হাজারের বেশি নিবন্ধিত ভোটারের ডাকযোগে পাঠানো ব্যালট গণনা সাময়িকভাবে বন্ধ করার জন্য ট্রাম্প প্রশাসনের করা আবেদন সোমবার খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।
ফেডারেল কর্মকর্তাদের অভিযোগ ছিল, এসব ভোটারের মধ্যে অনেকে যুক্তরাষ্ট্রের নাগরিক নাও হতে পারেন। তবে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষের যুক্তি, অস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ভোট গণনা বন্ধ করলে প্রায় ২০ হাজার ভোটারের ভোটাধিকার ক্ষুণ্ন হবে। পাশাপাশি অমার্কিন নাগরিক শনাক্তের প্রক্রিয়ায় ভুলের আশঙ্কাও রয়েছে।
এদিন এক মার্কিন বিচারকও ট্রাম্প প্রশাসনকে সন্দেহভাজন অমার্কিন নাগরিকদের তালিকায় থাকা ব্যক্তিদের ভোট আলাদা করে রাখার নির্দেশ দেওয়া থেকে বিরত থাকার আদেশ দেন।
আলাস্কায় সিনেট নির্বাচন নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভান অল্প ব্যবধানে হেরে গেলে নির্বাচনের ফল অনুমোদন বন্ধ রাখার আবেদন জানিয়ে বিচার বিভাগের করা মামলা রোববার খারিজ করেছেন এক ফেডারেল বিচারক।
একই নামের দুই প্রার্থী রিপাবলিকান সিনেটর ড্যান এস সুলিভান এবং স্বতন্ত্র প্রার্থী ড্যানিয়েল জে সুলিভান জুনিয়র নির্বাচনে থাকায় ভোটাররা বিভ্রান্ত হতে পারেন বলে দাবি করেছিল বিচার বিভাগ।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলার প্রচারশিবির প্রতিদ্বন্দ্বী ভোট ভাগ করার উদ্দেশ্যে ড্যানিয়েল জে সুলিভান জুনিয়রকে নির্বাচনে প্রার্থী হতে উৎসাহিত করেছিল। তবে পেলটোলা এ অভিযোগ অস্বীকার করেছেন। জুনিয়র সুলিভানও তার সঙ্গে পেলটোলার প্রচারশিবিরের কোনো সমন্বয়ের কথা অস্বীকার করেছেন।
সব মিলিয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ, ভোটের বৈধতা নিয়ে বিতর্ক এবং কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের মার্কিন মধ্যবর্তী নির্বাচন।
Leave a Reply