1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন কাঠামোতে চারটি গ্রেডে শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার থেকে ২১ হাজার ৫০০ টাকা পর্যন্ত। আগামী ডিসেম্বর থেকে এ মজুরি কার্যকর হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে বৈঠক শেষে দিবাগত রাত ২টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

বোর্ড চেয়ারম্যান জানান, প্রথমবারের মতো মাত্র ২০ দিনের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা সম্ভব হয়েছে। দীর্ঘ আলোচনার পর মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। শিগগির নতুন মজুরি কাঠামো গেজেট প্রকাশের জন্য পাঠানো হবে। এ প্রক্রিয়া এগিয়ে নিতে বুধবারও বোর্ডের বৈঠক হবে।

সৈয়দ আজাদ সুবহানী বলেন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রেডের মজুরি নির্ধারণে বোর্ডের সদস্যরা সর্বসম্মত হয়েছেন। তবে চতুর্থ বা সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হতে পারেনি। এ কারণে শ্রম আইন অনুযায়ী গোপন ভোট নেওয়া হয়। এতে বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে চতুর্থ গ্রেডের ন্যূনতম মজুরি নির্ধারিত হয় ১৭ হাজার টাকা।

নতুন কাঠামো অনুযায়ী, চতুর্থ গ্রেডের হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের ন্যূনতম মাসিক মজুরি হবে ১৭ হাজার টাকা। তৃতীয় গ্রেডের জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান ও সুইং সহকারীরা পাবেন ১৯ হাজার ২০০ টাকা।

দ্বিতীয় গ্রেডের সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটরদের মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। এ গ্রেডে থাকবেন বিশেষায়িত কাজে নিয়োজিত সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার ও সিনিয়র কাফ মেকাররাও। অন্যদিকে প্রথম গ্রেডের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটরদের ন্যূনতম মজুরি হবে ২১ হাজার ৫০০ টাকা।

চেয়ারম্যান আরও জানান, যেসব শ্রমিক বর্তমানে নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পান, তাদের বেতনও অন্তত ২ হাজার টাকা সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে বোর্ডের সদস্যরা একমত হয়েছেন। তবে কারখানার সক্ষমতা অনুযায়ী মালিকেরা চাইলে এর চেয়ে বেশি বেতন দিতে পারবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএর পরিচালক এবিএম শামসুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com