1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ অবিলম্বে বন্ধের পক্ষে মত দিয়েছেন দেশটির অধিকাংশ নাগরিক। এমনকি যুদ্ধ বন্ধ করতে গিয়ে ইরানের সঙ্গে তুলনামূলক কম সুবিধাজনক শর্ত মেনে নিতেও রাজি তারা। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার প্রকাশিত ‘ক্রিটিক্যাল ইস্যুজ পোল’ শীর্ষক জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারীদের ৫৫ শতাংশ ‘শর্ত যা-ই হোক, এখনই যুদ্ধ বন্ধ করা উচিত’ এমন বক্তব্যের সঙ্গে একমত। ডেমোক্র্যাট ও স্বতন্ত্র ভোটারদের মধ্যে এই সমর্থনের হার যথাক্রমে ৮০ ও ৫৯ শতাংশ। অন্যদিকে রিপাবলিকান ভোটারদের মধ্যে ২৫ শতাংশ এ মতের পক্ষে।

জরিপে আরও দেখা গেছে, যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন পদক্ষেপের পক্ষেও রয়েছেন অধিকাংশ ডেমোক্র্যাট ভোটার।

ডেমোক্র্যাটদের ৫৩ শতাংশ ইরানে সামরিক অভিযানের জন্য কংগ্রেসের অর্থায়ন বন্ধের পক্ষে মত দিয়েছেন। আর ৫১ শতাংশ মনে করেন, আগামী বাজেট আলোচনা চলাকালে ইরান যুদ্ধের জন্য অর্থ বরাদ্দ বন্ধের দাবি তোলা উচিত, এমনকি এর ফলে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম অচল হয়ে পড়ার ঝুঁকি থাকলেও।

যুক্তরাষ্ট্রের ১ হাজার ২২ জন প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর এ জরিপ চালানো হয়। জরিপটির প্রধান গবেষক শিবলি তেলহামি বলেন, যুদ্ধের শর্ত যা-ই হোক, তা বন্ধের পক্ষে এত বেশি মানুষের সমর্থন দেখে তিনি বিস্মিত হয়েছেন।

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা জানতাম, মানুষ এই যুদ্ধের বিরোধিতা করছে এবং এটি বন্ধ দেখতে চায়। কিন্তু যুদ্ধ বন্ধের জন্য তারা কী ধরনের শর্ত মেনে নিতে প্রস্তুত, সে বিষয়ে আমরা নিশ্চিত ছিলাম না।’

জরিপে অংশগ্রহণকারীদের কাছে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে তিনটি বিকল্প দেওয়া হয়েছিল—অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, সামরিক অভিযান আরও জোরদার করা অথবা ইরানের কাছ থেকে ছাড় আদায়ের লক্ষ্যে বর্তমান সামরিক অবস্থান অব্যাহত রাখা। এতে মাত্র ২১ শতাংশ বর্তমান অবস্থান বজায় রাখার পক্ষে এবং ১৮ শতাংশ সামরিক অভিযান আরও জোরদার করার পক্ষে মত দিয়েছেন।

যুদ্ধের পক্ষে ট্রাম্প প্রশাসনের যুক্তিগুলো নিয়েও সংশয় রয়েছে মার্কিন নাগরিকদের মধ্যে। ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করাকে যুদ্ধের অন্যতম প্রধান কারণ হিসেবে তুলে ধরেছে ওয়াশিংটন। তবে জরিপে অংশগ্রহণকারীদের মাত্র ২৮ শতাংশ মনে করেন, যুদ্ধের ফলে পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে ইরান আগের তুলনায় দুর্বল অবস্থানে পড়েছে।

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করতে পারে বলে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র। তবে গোয়েন্দা মূল্যায়নে ২০০৩ সালে পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগের পর তেহরান এ ধরনের কর্মসূচি অনুমোদন করেছে এমন প্রমাণ পাওয়া যায়নি।

যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে হরমুজ প্রণালি। যুদ্ধের শুরুর দিকে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ করে দেয় ইরান। জবাবে সেখানে নৌ অবরোধ আরোপ করে ট্রাম্প প্রশাসন।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় বেড়েছে তেলের দাম।

মঙ্গলবারের জরিপে অংশগ্রহণকারীদের ৩৫ শতাংশ মনে করেন, বর্তমানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে। বিপরীতে মাত্র ১২ দশমিক ৭ শতাংশ মনে করেন, এর নিয়ন্ত্রণ রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে।

এদিকে অজনপ্রিয় এই যুদ্ধ বন্ধে ডেমোক্র্যাটিক পার্টির কতটা কঠোর অবস্থান নেওয়া উচিত, তা নিয়ে দলটির ভেতরে বিতর্ক চলছে।

সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে যুদ্ধবিরোধী জনমত এবং জ্বালানির মূল্যবৃদ্ধির মতো বিষয়গুলো ডেমোক্র্যাটদের বড় ধরনের সাফল্যে ভূমিকা রেখেছে। অন্যদিকে ট্রাম্পের রিপাবলিকান পার্টি আধুনিক মার্কিন ইতিহাসের অন্যতম বড় নির্বাচনী বিপর্যয়ের মুখে পড়ে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে।

ডেমোক্র্যাটদের যুদ্ধবিরোধী প্রগতিশীল অংশ মনে করছে, নির্বাচনের ফলাফল প্রমাণ করেছে যে ভোটাররা যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের অবসান চান। তবে এ অবস্থানের সঙ্গে দলটির অধিকতর কট্টরপন্থী বা সামরিক অবস্থানের প্রতি সমর্থনশীল নেতাদের মতবিরোধ রয়েছে।

প্রতিনিধি পরিষদের নেতা হাকিম জেফরিস ও সিনেটর চাক শুমার যুদ্ধ বন্ধের পক্ষে মত দিলেও লক্ষ্য অর্জনে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে এখনো প্রতিশ্রুতিবদ্ধ হননি। বিশেষ করে ইরানে সামরিক অভিযানের অর্থায়ন বন্ধ করা কিংবা ডিসেম্বরে বাজেট নিয়ে আলোচনার সময় যুদ্ধ বন্ধের শর্ত দেওয়ার মতো পদক্ষেপে তাদের অনীহা রয়েছে।

গবেষক তেলহামি বলেন, ডেমোক্র্যাটিক পার্টির অনেক নেতা জনমতের তীব্রতা উপেক্ষা করছেন। তারা নিজেদের অবস্থান পরিবর্তন না করলে রাজনৈতিকভাবে পিছিয়ে পড়বেন।

তার মতে, সিনেটর বার্নি স্যান্ডার্স ও ক্রিস ভ্যান হলেনের মতো প্রগতিশীল নেতারা যুদ্ধ বন্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার দাবি জানিয়ে আসছেন।

সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠ নেতা হওয়ার লড়াইয়ে শুমারের প্রতিদ্বন্দ্বী ভ্যান হলেনও যুদ্ধ ইস্যুতে দলটির মধ্যপন্থী নেতৃত্বকে ভোটারদের মনোভাব থেকে বিচ্ছিন্ন হিসেবে তুলে ধরছেন।

জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে শুমারের তুলনায় প্রায় তিন গুণ বেশি সমর্থন রয়েছে ভ্যান হলেনের প্রতি। ফলে ইরান যুদ্ধ নিয়ে জনমতের পাশাপাশি দলটির অভ্যন্তরীণ নেতৃত্বের লড়াইও নতুন মাত্রা পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com