গুঞ্জন ছড়িয়েছে- ভাঙনের মুখে মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সংসার! বিষয়টি নিয়ে বেশ আলোচনাও হচ্ছে নেটদুনিয়ায়। তবে কি সত্যিই ভেঙে যাচ্ছে এই নির্মাতা ও অভিনেত্রীর? বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুললেন ফারুকী।
নির্মাতার ভাষ্য, ‘আমাকে নিয়ে তো নানা প্রোপাগান্ডা, মিথ্যা নিউজ প্রচার শুরু হয়েছে আরও আগে থেকে। এখন চলছে ব্যক্তিগত আক্রমণ। আসলে মিথ্যা নিউজে তো ঘটনা সত্য হয় না। আর এসব নিয়ে কথা বলা মানে আরও প্রশ্রয় দেওয়া। তাই এ বিষয়ে আমি বা তিশা কেউই কোনো মন্তব্য করতে চাই না। এর চেয়ে বরং নতুন কাজ করছি, আসুন নতুন কাজ নিয়ে কথা বলি।’
কাজের খবর জানতে চাইলে মোস্তফা সরয়ার ফারুকী জানালেন, গেল ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়া গিয়েছিলেন বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণে। সেখানে ফিল্ম নিয়ে বক্তব্য দিয়েছেন। বুসানে যাওয়ার আগেই শেষ করেছেন একটি বিজ্ঞাপনচিত্রের কাজ। ১৭ অক্টোবর বুসান থেকে দেশে ফিরে শুরু করেছেন নতুন বিজ্ঞাপনের কাজ। সিনেমার কাজে হাত দিয়েছেন আরও আগেই। ইতিমধ্যে একটি সিনেমার গল্প লেখা শেষ করে হাত দিয়েছেন নতুন সিনেমার গল্পে।
নতুন বিজ্ঞাপন নির্মাণ প্রসঙ্গে ফারুকী বলেন, ‘আমি এই মুহূর্তে ব্যস্ত তিনটা বিজ্ঞাপন নিয়ে। একটা স্বাস্থ্যসেবার; বাকি দুটি বিল্ডিং ম্যাটেরিলাসের। একটার শুটিং শেষ। শুটিং হয়েছে ঢাকা, ময়মনসিংহ এবং দক্ষিণ কোরিয়ায়।’
নতুন সিনেমার কাজ নিয়ে জানতে চাইলে ফারুকী বলেন, ‘ফিল্মের স্ক্রিপ্ট লিখছি। একটা নতুন দিনের প্রেমের গল্প অথবা বলা যায় প্রেম আর বন্ধুত্বের বাইরে যে নো ম্যানস ল্যান্ড থাকে, সেটার গল্প। অথবা সেটাও প্রেমই। প্রেমের বর্ধিত মানচিত্রের গল্প। আপাতত নাম রেখেছি ‘টু হেল, উইথ লাভ’। আরেকটা স্ক্রিপ্ট লেখা আছে, সেটা আমাদের সময়ের রাজনৈতিক মানচিত্রের গল্প। এটার নাম এখনো ঠিক হয়নি। রাজনীতি বললে পলিটিক্যাল স্যাটায়ার ভাবতে পারে অনেকে, যেহেতু আমি আগেও স্যাটায়ার করেছি। এটা আসলে ভীষণ হার্ট ব্রেকিং একটা স্টোরি।’
ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের মধ্যেও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিশা। সম্প্রতি ফুলস্ক্রিন নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়েছেন তিনি। গত ২৮ সেপ্টেম্বর ফুলস্ক্রিন নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে আরশ খান ও প্রিয়ন্তী উর্বি অভিনীত নাটকটি।
জানা যায়, নতুন একটি আন্তর্জাতিক সিনেমায় অভিনয়ের বিষয়ে কথা চলছে তিশার। সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত জানাতে চান না এই অভিনেত্রী। তবে সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলেও জানান ফারুকী।
Leave a Reply