1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :

ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে বিজিবির কড়া সতর্কতা, ড্রোন-থার্মাল ইমেজারে নজরদারি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

বিজয়ের মাস ডিসেম্বরকে ঘিরে সীমান্ত নিরাপত্তায় কোনো ফাঁক রাখতে চায় না বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, নাশকতা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দিনাজপুরের হিলি সীমান্তে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে টহল, সক্রিয় করা হয়েছে থার্মাল ইমেজার ও নাইটভিশন প্রযুক্তিসম্পন্ন ড্রোন। স্পর্শকাতর এলাকাগুলোতে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে রিজার্ভ প্লাটুন।

সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি চলছে। কাঁটাতারের বেড়া না থাকা এলাকাগুলোয় ড্রোন ও সার্চলাইট ব্যবহার করে পর্যবেক্ষণ করা হচ্ছে। দিনের পাশাপাশি রাতেও বাড়ানো হয়েছে টহল। সীমান্তের চেকপোস্টগুলোয় সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। হিলি ইমিগ্রেশন দিয়ে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রী ও আমদানি পণ্যবাহী ট্রাক নিয়মিত যাচাই-বাছাই এবং তল্লাশির আওতায় আনা হচ্ছে।

প্রতিনিয়ত বিজিবির এ বাড়তি সতর্কতামূলক কার্যক্রমে স্বস্তি প্রকাশ করেছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। তাদের ভাষ্য, আগের তুলনায় টহল বেড়েছে, একক সদস্যের পরিবর্তে দলগতভাবে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। দিনে-রাতে নজরদারি চলায় সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি আগের চেয়ে দৃশ্যমানভাবে জোরদার হয়েছে। পাশাপাশি অপরিচিত কিংবা সন্দেহজনক কাউকে দেখলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দা রায়হান হোসেন বলেন, আগের তুলনায় সীমান্তে বিজিবির টহল বেড়েছে। এখন এককভাবে নয় কয়েকজন সদস্যের সমন্বয়ে দল গঠন করে টহল দেওয়া হচ্ছে। বিভিন্ন চেকপোস্টেও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আব্দুস সালাম বলেন, সীমান্তে বিজিবির তৎপরতা আগের চেয়ে বেড়েছে। অবৈধভাবে কেউ যেন সীমান্ত পারাপার করতে না পারে সে জন্য তারা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে টহল ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিজিবি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

আরেক বাসিন্দা বাদশা বলেন, দিনে যেমন বিজিবির টহল রয়েছে তেমনি রাতেও সার্চলাইট ব্যবহার করে নজরদারি করা হচ্ছে। সন্দেহজনক কাউকে দেখলে তার পরিচয় যাচাই করা হচ্ছে।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, ‘ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাসে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সে লক্ষ্যে সীমান্তের সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত করা হয়েছে। থার্মাল ইমেজার ও নাইটভিশন সুবিধাসম্পন্ন ড্রোন সক্রিয় রয়েছে। সীমান্তে নজরদারিও আগের তুলনায় বাড়ানো হয়েছে।’

তিনি আরও বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় দিন-রাত নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর কিছু এলাকায় নাইটভিশন ডিভাইস, সার্চলাইট ও ফ্লাডলাইট স্থাপন করা হয়েছে। পাশাপাশি যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে।

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এই সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com