1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

দেশের ওটিটি ইতিহাসে অন্যতম আলোচিত চরিত্র ‘অ্যালেন স্বপন’। ২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজে সর্বপ্রথম এই চরিত্রের দেখা মেলে। চরিত্রটির আকাশচুম্বী জনপ্রিয়তায় নির্মাতা শিহাব শাহীন নির্মাণ করেন আলাদা সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। সেটিতেও দর্শকদের দারুণ সাড়া মেলে, ‘অ্যালেন স্বপন’ রূপে তুমুল প্রশংসিত হন অভিনেতা নাসিরউদ্দিন খান।

‘মাইশেলফ অ্যালেন স্বপন’র আগের কিস্তিগুলোর সাফল্যের ধারাবাহিকতায় এবার আসছে সিরিজটির তৃতীয় কিস্তি। ইতিমধ্যে ঢাকার আশপাশ এলাকায় শুটিংও শুরু হয়েছে এবং বরাবরের মতো নাম ভূমিকায় থাকছেন নাসিরউদ্দিন খান।

আগের দুই সিজনে অ্যালেন স্বপনের বিপরীতে ‘শায়লা’ চরিত্রে অভিনয় করেছিলেন রাফিয়াত রশিদ মিথিলা। তবে তৃতীয় কিস্তিতে থাকছেন না তিনি। তার জায়গায় সিরিজে যুক্ত হয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

এ প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘চুক্তিগত বাধ্যবাধকতার কারণে চরকির কোনো নিউজ কনফার্ম করা আমার পক্ষে সম্ভব নয়। তাদের নিজস্ব পিআর সিস্টেম রয়েছে, সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

তবে সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করে যে, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’র তৃতীয় কিস্তিতে অভিনয় করছেন প্রভা।

হঠাৎ মিথিলার পরিবর্তে প্রভা কেন- এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক। মূলত মিথিলা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিজ্ঞানী হিসেবে যোগ দেওয়ার পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা করছেন তিনি। একাডেমিক ও গবেষণার কাজে যুক্তরাষ্ট্রে প্রচণ্ড ব্যস্ত থাকায় আপাতত দেশে ফিরে শুটিংয়ে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।

এ কারণেই নতুন কিস্তিতে প্রভাকে বেছে নিয়েছেন নির্মাতা। চলতি মাসের শেষদিকে তার শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে।

নাসিরউদ্দিন খান ও সাদিয়া জাহান প্রভা ছাড়াও সিরিজটির তৃতীয় কিস্তিতে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ, ফারজানা ছবি প্রমুখ। সব ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com