বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আলোচিত ‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাবার সময় এই অভিনেত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘এটা এখন পূর্ব পাকিস্তান’।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত এউ অভিনেত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শুনানির সময় তাকে কড়া নিরাপত্তা দিয়ে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের সাব-ইন্সপেক্টর মুর্শিদুল আলম আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী তাকে কারাগারে পাঠানোর পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক অভিনেত্রী জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে কারাগারে নেওয়ার সময় অভিনেত্রী জ্যোতিকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আদালত প্রাঙ্গণে আসার পর জ্যোতি মাথার হেলমেট হাত দিয়ে সরিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘এই আপনারা বলে দিয়েন। এটা এখন পূর্ব পাকিস্তান। আমাকে গ্রেপ্তার করার কোনো কারণ দেখাতে পারে নাই।’
এসময় নারী পুলিশ সদস্যরা তার মুখে হেলমেট চেপে ধরেন। পরে দ্রুত তাকে গাড়িতে তোলা হয়।
মামলার অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। ওই সময়ে তাদের ওপর গুলি চালানো হয়। এতে এনামুল হকের পায়ে গুলি লাগে।
তিনি হাসপাতালে চিকিৎসা নেন। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেন এনামুল হক। এই মামলায় জ্যোতিকা জ্যোতি ২১৬ নম্বর এজাহারনামীয় আসামি। মামলায় অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খান, জ্যোতিকা জ্যোতিসহ ১৭ জন তারকাকেও আসামি করা হয়। মামলায় এসব অভিনেতা-অভিনেত্রীদের বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলায় অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া জামিনে রয়েছেন।
এছাড়া গ্রেপ্তারের আগে দরজার সামনে পুলিশকে দাঁড় করিয়ে রেখে দীর্ঘ সময় ফেইসবুক লাইভে ছিলেন জ্যোতি। পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ তাকে বাগবিতণ্ডা করতে দেখা যায়। তার বিরুদ্ধে কী অভিযোগ, কোন গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না, এসব জানতে চান জ্যোতি।
তিনি পুলিশকে বলেন, ‘প্রয়োজনে আমি সকালে আপনাদের অফিসে যাব। কিন্তু এখন যাব না।’
পুলিশ তার দরজা ভাঙতে ধাক্কাধাক্কি করলে তাকে লাইভে বলতে শোনা যায়, ‘আমার দরজা ভাঙার কোনো অধিকার আপনাদের নেই। এটা কিন্তু খুব খারাপ হবে।’ পরে তিনি পুলিশকে হাতকড়া না পরানোর অনুরোধও জানান। পরে তাকে বাসা থেকে ধরে নিয়ে যায় পুলিশ।
আটকের পর তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লাইভের ভিডিও আর পাওয়া যায়নি।
জানা যায়, জ্যোতিকা জ্যোতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ২০১৬ সালে ময়মনসিংহ-৩ আসনে উপনির্বাচনে অংশ নেওয়ার জন্য দলটির মনোনয়নপত্রও কিনেছিলেন তিনি। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার টিকিট চেয়েছিলেন।
আওয়ামী লীগ সরকারের শেষের দিকে ২০২৩ সালের ১৪ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্বে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান জ্যোতি। জুলাই গণঅভ্যুত্থানে পটপরিবর্তনের পর সেপ্টেম্বরে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। তিনি শিল্পী ও কলাকুশলীদের নিয়ে আলোচিত ‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন ছিলেন।
Leave a Reply