রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার বসুনিয়াপাড়া এলাকার মুকুল বসুনিয়া (২৮) ও শাকিব বসুনিয়া (২২)। এ ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
যাত্রী আতিক বসুনিয়া বলেন, ‘আমার কাছে টাকা ছিল। সবাইকে নামায় দিছে, আমাকে নামায় দেয়নি। গাড়ির হেলপার, সুপারভাইজার, এরা আমাকে জিম্মি করছে। আমার গলায় গামছা প্যাঁচাইছে। তখন মুকুল আর শাকিব আগাই আসছে। গাড়ি চলন্ত অবস্থা দুজনকে লাথি মেরে ফেলে দিছে। পরে আমি চিল্লাইছি। একটি মাইক্রোবাস ঘটনা দেখে চিকলীতে পথরোধ করে, স্থানীয় লোকজন ছুটে আসে বাসটি আটকায়। না হলে আমাকেও মেরে ফেলে দিতো।’
তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দুজনকে পড়ে থাকতে দেখেন। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাদের জানিয়েছেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় গাড়ির চালক ও সুপারভাইজারকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।
Leave a Reply