1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন পুনর্নির্ধারণে মজুরি বোর্ড গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। বিচারপতি আশফাকুর রহমানকে চেয়ারম্যান করে এ বোর্ড গঠন করা হয়।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, বিচারপতি শেখ আশফাকুর রহমানের নেতৃত্বে মালিক-শ্রমিক এবং নিরপেক্ষ সদস্যদের নিয়ে মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তারকে বোর্ডের সদস্য করা হয়েছে।

শ্রমমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী এই বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে একজন বিচারপতি দায়িত্ব পালন করবেন। চেয়ারম্যানসহ বোর্ডের সদস্যরা শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের বিষয়ে কাজ করবেন।’

আরিফুল হক চৌধুরী বলেন, গত তিন দিন ধরে শ্রমিকনেতা ও মালিকপক্ষের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। শুক্রবার সরকারি ছুটি থাকায় রোববার মজুরি বোর্ড ঘোষণার কথা জানানো হয়েছিল। এরপরও রোববার সকাল থেকে বিভিন্ন সড়কে শ্রমিকদের নামিয়ে দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়ে সরকার আজই মজুরি বোর্ড ঘোষণা করেছে। এখন বোর্ডের সদস্যরা দ্রুত বৈঠকে বসে বিষয়টি একটি পর্যায়ে নিয়ে যাবেন বলে আশা করছে সরকার।

শ্রমিকদের উদ্দেশে শ্রমমন্ত্রী বলেন, তাদের দাবি নিয়ে সরকার কাজ করছে। মজুরি বোর্ড গঠনের মাধ্যমে সেই প্রক্রিয়া শুরু হলো।

এর আগে গতকাল শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে মজুরি বোর্ড গঠন করার বিষয়টি জানান শ্রমমন্ত্রী।

এদিকে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আজও রাজধানীর মিরপুর ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল শনিবারও ঢাকার মিরপুর, সাভার ও গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও বিভিন্ন কারখানা-মার্কেটে ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com