1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানবে যেসব এলাকায়

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার সকাল ৯টার তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার। দমকা হাওয়াসহ এ গতিবেগ ঘণ্টায় ৮৩ কিলোমিটার পর্যন্ত উঠছে বলে জানা গেছে। ঘূর্ণিঝড় অর্ণব আগামী বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আজ সোমবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, এটি বর্তমানে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও পাশের পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড় অর্ণবের নামটি বাংলাদেশ প্রস্তাব করেছে। এ শব্দের অর্থ হলো সমুদ্র বা সাগর।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের সর্বশেষ তথ্যের বরাতে দেওয়া আপডেটে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টির নাম অর্ণব, যা বাংলাদেশের প্রস্তাবিত নাম।

বিশ্ব আবহাওয়া সংস্থার আওতাধীন উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলের (বঙ্গোপসাগর ও আরব সাগর) ১৩টি দেশ—বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন—এ নামকরণ প্রক্রিয়ায় অংশ নিয়ে থাকে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, ঘূর্ণিঝড়টি আজ সোমবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮২০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ মধ্যরাত নাগাদ পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় অর্ণব আগামী বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com