1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল খুলনায় মধ্যরাতে গুলি করে মোবাইল ফোন ছিনতাই মেনোপজ : নারীর জীবনের নতুন অধ্যায় ওসমানী উদ্যানের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান : রিজভী ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে মৃত্যু: আয়োজকসহ গ্রেপ্তার ৭ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাবনা কমছে, সহযোগীদের দুষছেন ট্রাম্প বিশ্ববাজারে দৈনিক ঘাটতি ৬০ লাখ ব্যারেল তেল, বাড়তে পারে দাম সমতার ভিত্তিতে বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

মেনোপজ : নারীর জীবনের নতুন অধ্যায়

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শৈশব পেরিয়ে কৈশোরে পা রাখতেই অনেক মেয়ের জীবনে শুরু হয় মাসিক। কারো ১০-১১ বছর বয়সেই প্রথম ঋতুস্রাব হয়, কারো ক্ষেত্রে আরো পরে।

এরপর জীবনের দীর্ঘ একটা সময় মাসিকের সঙ্গে মানিয়ে চলতে হয়। কখনো ব্যথা, কখনো অনিয়ম, কখনো হরমোনের পরিবর্তন—শারীরিক অস্বস্তির পাশাপাশি এসব অভিজ্ঞতা প্রভাব ফেলতে পারে মানসিক স্বাস্থ্যের ওপরও। জীবনের পরবর্তী সময়ে আসে মেনোপজ বা মাসিক স্থায়ীভাবে বন্ধ হওয়ার পর্যায়। এই পরিবর্তনও অনেক নারীর জন্য নানা শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ নিয়ে আসে।
নারীর জীবনের এই স্বাভাবিক পরিবর্তনগুলো নিয়ে খোলামেলা আলোচনা এবং সঠিক তথ্য জানা জরুরি। কারণ, মাসিকের মতো মেনোপজ নিয়েও সমাজে সংকোচ ও ভুল ধারণা রয়েছে। ফলে অনেক নারী নিজের শারীরিক পরিবর্তন নিয়ে কথা বলতে অস্বস্তি বোধ করেন, আবার উপসর্গ দেখা দিলেও প্রয়োজনীয় পরামর্শ নিতে দেরি করেন।
আজ ১৮ অক্টোবর, বিশ্ব মেনোপজ দিবস (World Menopause Day)।

মেনোপজ সম্পর্কে সচেতনতা বাড়ানো, এ সময়ের স্বাস্থ্যগত চ্যালেঞ্জ তুলে ধরা এবং নারীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার গুরুত্ব স্মরণ করিয়ে দিতে প্রতিবছর দিবসটি পালন করা হয়। ২০২৬ সালের প্রতিপাদ্য ‘মধ্যবয়সে দীর্ঘস্থায়ী ব্যথা’ (Chronic Pain at Midlife)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে নারীদের স্বাভাবিক মেনোপজ হয়। টানা ১২ মাস মাসিক না হলে এবং এর পেছনে অন্য কোনো কারণ না থাকলে মেনোপজ হয়েছে বলে বিবেচনা করা হয়। এটি কোনো রোগ নয়; বরং নারীর জীবনের একটি স্বাভাবিক জৈবিক পর্যায়।

তবে মেনোপজ হঠাৎ করে ঘটে না। এর আগে কয়েক বছর ধরে মাসিকের সময় ও পরিমাণে পরিবর্তন দেখা দিতে পারে। এই পর্যায়কে বলা হয় পেরিমেনোপজ। এ সময় হরমোনের ওঠানামার কারণে কারও শরীরে নানা উপসর্গ দেখা দেয়, আবার কারও তেমন কোনো সমস্যা হয় না।

মেনোপজের সময় হঠাৎ শরীর গরম হয়ে যাওয়া, রাতে ঘাম, ঘুমের সমস্যা, পেশি ও গাঁটে ব্যথা, ক্লান্তি এবং যোনিপথে শুষ্কতার মতো উপসর্গ দেখা দিতে পারে। কারো ক্ষেত্রে উদ্বেগ, মন-মেজাজের পরিবর্তন কিংবা বিষণ্নতার লক্ষণও দেখা যায়। তবে সবার অভিজ্ঞতা এক নয়; উপসর্গের ধরন ও তীব্রতা ব্যক্তিভেদে আলাদা হতে পারে।

এ বছরের প্রতিপাদ্যে মধ্যবয়সে দীর্ঘস্থায়ী ব্যথার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। মেনোপজের সময় বা পরে পেশি ও গাঁটে ব্যথাসহ বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী ব্যথা কিছু নারীর দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলতে পারে। এসব সমস্যাকে শুধু বয়সের স্বাভাবিক পরিবর্তন ভেবে অবহেলা না করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।

মাসিক কিংবা মেনোপজ—দুটিই নারীর জীবনের স্বাভাবিক অভিজ্ঞতা। অথচ এ নিয়ে পর্যাপ্ত আলোচনা না থাকায় অনেকেই নিজের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে পারেন না। পরিবারের সদস্যদের সহমর্মিতা, কর্মক্ষেত্রে সহযোগিতাপূর্ণ পরিবেশ এবং স্বাস্থ্যসেবা সম্পর্কে সঠিক তথ্য নারীদের এ সময়ের পরিবর্তনগুলো সামলাতে সহায়তা করতে পারে।

মেনোপজের উপসর্গ দৈনন্দিন জীবন ব্যাহত করলে চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত। ব্যক্তির শারীরিক অবস্থা ও উপসর্গ অনুযায়ী চিকিৎসা ও পরামর্শের মাধ্যমে অনেক সমস্যাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

বিশ্ব মেনোপজ দিবস তাই শুধু একটি স্বাস্থ্যসচেতনতা দিবস নয়; এটি নারীর জীবনের এমন একটি পর্যায় নিয়ে কথা বলার সুযোগ, যা অনেক সময় নীরবে পার করতে হয়। মাসিকের শুরু থেকে মেনোপজ পর্যন্ত শরীরের পরিবর্তন সম্পর্কে জানা, নিজের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া এবং প্রয়োজনে সহায়তা চাওয়ার পরিবেশ তৈরি করাই এ সচেতনতার মূল উদ্দেশ্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com