শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিনদিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। তবে গ্রাহকদের লেনদেনের সুবিধার্থে শনিবার (১৭ অক্টোবর) ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বন্দর ও কাস্টমস এলাকাভিত্তিক কার্যক্রম সচল রাখতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটির দিনেও আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখতে হবে।
এ কারণে স্থানীয় প্রশাসন এবং বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
ছুটির সময় ব্যাংকের শাখায় সরাসরি লেনদেন বন্ধ থাকলেও এটিএম বুথ, ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মতো সেবা চালু রাখার ব্যবস্থা থাকবে।
এছাড়া টানা তিন দিনের ছুটিতে জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে দেশের বিভিন্ন রুটে তিন জোড়া বিশেষ ট্রেন চালু করবে সরকার।
Leave a Reply