যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে এক বন্দুকধারীর হামলায় প্রাণ গেছে একই পরিবারের আট সদস্যের। নিহতদের মধ্যে রয়েছেন এক অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশু। হত্যাযজ্ঞের পর নিজের গুলিতে আত্মহত্যা করেছেন হামলাকারীও। সব মিলিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা নয়।
শনিবার পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয়, গত শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী ৪৫ বছর বয়সী এক ব্যক্তি। তবে তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
এরি পুলিশের প্রধান রিক লোরাহ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। বাড়িটির দ্বিতীয় তলায় তার মরদেহ পাওয়া যায়।
কেন এই হত্যাযজ্ঞ, তা এখনো স্পষ্ট নয়। হামলার উদ্দেশ্য জানতে তদন্ত চলছে।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো জানিয়েছেন, তিনি মেয়রের সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে আরও কঠোর আইন প্রণয়নের পক্ষে দীর্ঘদিন ধরেই অবস্থান নিয়ে আসছেন তিনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৪০০টির বেশি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
সূত্র: রয়টার্স
Leave a Reply