নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়ায় ভট্র কুঠিরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইমন ভট্ট একই এলাকার দুঃখহরণ ভট্টের ছেলে। ২০২২ সাল থেকে তিনি নোয়াখালী জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। পরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদকও ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইমন ভট্ট আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার সকালে দুই বছর পর অসুস্থ শিশুকন্যাকে দেখতে তিনি বাসায় আসেন। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশের ভাষ্যমতে, সোমবার সকালে নোয়াখালী পৌরসভার হোয়াইট হল এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীরা দণ্ডপ্রাপ্ত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঝটিকা মিছিল করেন। ওই মিছিলে জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্ট অর্থায়ন করেছেন বলে অভিযোগ রয়েছে। এর পরদিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সুধারাম মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, যুবলীগের ওই ঝটিকা মিছিলে অর্থায়নের অভিযোগ রয়েছে ইমন ভট্টের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলাও রয়েছে। এ ছাড়া অন্য কোনো মামলা আছে কি না, তা যাচাই করছে পুলিশ।
Leave a Reply