1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

সিনারের হাতে ‘গোল্ডেন মাস্টার্স’

আলমগীর হোসেন :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

টেনিস বিশ্বে নতুন এক মহাকাব্য লিখলেন ইতালির তরুণ তারকা ইয়ানিক সিনার। রোববার রোমের ফোরো ইতালিকোতে ইতালিয়ান ওপেনের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে সরাসরি ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে ক্যারিয়ারের প্রথম ‘গোল্ডেন মাস্টার্স’ সম্পূর্ণ করলেন এই ২৪ বছর বয়সী তারকা। এই জয়ের মাধ্যমে টেনিসের মর্যাদাপূর্ণ নয়টি মাস্টার্স ১ হাজার টুর্নামেন্টের সবকটিই এখন নিজের শোকেসে তুললেন তিনি। গ্র্যান্ড স্ল্যামের পরই টেনিস দুনিয়ায় যেসব টুর্নামেন্টকে সবচেয়ে বড় ও মর্যাদার বলে ধরা হয়, সেই নয়টিতেই শিরোপা জেতার এই বিরল কীর্তি এর আগে ছিল কেবল কিংবদন্তি নোভাক জোকোভিচের। এবার সেই অনন্য ক্লাবে যোগ দিলেন সিনার।

এই জয়ের মধ্য দিয়ে শুধু নিজের রেকর্ডই সমৃদ্ধ করেননি সিনার, ঘুচিয়েছেন দেশের দীর্ঘদিনের আক্ষেপও। ১৯৭৬ সালে কিংবদন্তি আদ্রিয়ানো পানাত্তার পর প্রথম ইতালীয় পুরুষ টেনিস তারকা হিসেবে নিজের দেশের মাটিতে এই ঐতিহাসিক শিরোপা জিতলেন তিনি। ফলে ঘরের মাঠে ইতালির দর্শকদের দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান ঘটল। খেলা শেষে মাঠে উপস্থিত ৭৫ বছর বয়সী পানাত্তার উদ্দেশে সিনার আবেগঘন কণ্ঠে বলেন, ‘আদ্রিয়ানো, ৫০ বছর পর আমরা অবশেষে এই গুরুত্বপূর্ণ ট্রফিটি ঘরের মাঠে ফিরিয়ে আনলাম।’

স্বদেশি দর্শকদের সামনে এমন ইতিহাস গড়তে পেরে দারুণ উচ্ছ্বসিত সিনার ম্যাচ শেষে বলেন, ‘মাস্টার্স জয়ের এই সেটটি সম্পূর্ণ করার জন্য রোমের ফোরো ইতালিকোর লাল মাটির কোর্টের চেয়ে ভালো জায়গা আর হতেই পারে না। একজন ইতালীয় হিসেবে, আমরা যেসব জায়গায় টেনিস খেলি, তার মধ্যে এটি অন্যতম বিশেষ একটি জায়গা। আমার ক্যারিয়ারে অন্তত একবার এখানে জিততে পারাটা আমার কাছে অনেক বড় ব্যাপার।’ উল্লেখ্য, এর আগে নোভাক জোকোভিচ ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ওহাইওর অঙ্গরাজ্যের সিনসিনাটিতে ৩১ বছর বয়সে এই ‘ক্যারিয়ার গোল্ডেন মাস্টার্স’ সম্পূর্ণ করেছিলেন। এই জয়ের পর টানা ২৯ ম্যাচে অপরাজিত রইলেন সিনার। চলতি বছর ক্লে কোর্টে তার জয়-পরাজয়ের হিসাব এখন ১৭-০।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com