1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

বাবাকে কারামুক্ত করতে ভোটের মাঠে মেয়ে

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য কারাবন্দি গোলাম কিবরিয়া টিপুর পক্ষে নির্বাচনী প্রচারে মাঠে নেমেছেন তার মেয়ে হাবিবা কিবরিয়া। নির্বাচনে বিজয়ী হয়ে ন্যায়বিচার নিশ্চিত করে বাবাকে মুক্ত করতে এ লড়াই বলে জানান তিনি। নির্বাচনে লাঙ্গল প্রতীক বরাদ্দের পর থেকে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বাবার মুক্তিতে ভোটপ্রার্থনা করে যাচ্ছেন।

বিষয়টিকে নির্বাচনী প্রচার নয়, বাবাকে মুক্ত করতে মেয়ের ভোটের লড়াই হিসাবে দেখছেন স্থানীয় ভোটাররা।

টিপুর মেয়ে হাবিবা কিবরিয়া বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। রাজনীতিতে প্রতিহিংসা দেখা দিলে তা খেলায় পরিণত হয়। তাহলে সেই খেলার বড় শিকার হবেন একাধিক মামলায় জেলে থাকা আমার বাবা তিনবারের সাবেক সংসদ সদস্য টিপু। মামলা, জামিন, আবার মামলা- এই খেলার জবাব রাজপথে নয়, ভোটের মাধ্যমেই দিতে হবে।

হাবিবা আরও বলেন, টিপু আমার কাছে শুধু একজন রাজনীতিক নন, তিনি বাবা। একই সঙ্গে তিনি হাজারো মানুষের আপনজন। কারও সঙ্গে রক্তের সম্পর্ক, কারও সঙ্গে আত্মার টান। তাই আমার বাবা জেলে থাকলেও তার ভালোবাসার মানুষদের সহযোগিতায় আমি মাঠে ভোটপ্রার্থনা করে যাচ্ছি।

ঢাকায় সংসার, পাঁচ বছরের সন্তান ও শ্বশুর-শাশুড়িকে রেখে বরিশালে অবস্থানের কথা তুলে ধরে হাবিবা বলেন, এ নির্বাচন তার কাছে শুধু রাজনৈতিক লড়াই নয়। এটি একজন মেয়ের বাবাকে ফিরিয়ে আনার লড়াই। এক বছর দুই মাসের বেশি সময় ধরে বাবা কারাবন্দি।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ নভেম্বর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে স্থানীয়রা আটক করে পুলিশে তুলে দেন। এরপর ঢাকার হাতিরঝিল

থানার একটি মামলা থাকায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া তার বিরুদ্ধে বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী থানায় দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com