বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘এটি মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়। তাদের সম্মানিত করার মাধ্যমে রাষ্ট্র সেই দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করেছে।’
সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আজ শনিবার ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক-যে উপাধিতেই ভূষিত হয়ে থাকুন না কেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব। এক জীবনে সবার পক্ষে এই গৌরব অর্জন করা সম্ভব হয় না। বীর মুক্তিযোদ্ধারা সে কারণেই অনন্য-অসাধারণ।’
তারেক রহমান বলেন, ‘আজ যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই গৌরবের অংশীদার।’
সবাইকে বীরোচিত অভিনন্দন জানিয়ে তিনি বলেন, লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং অনেকের আহত ও পঙ্গুত্বের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। এ সময় তিনি মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান, তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি নিজেও গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাকে আন্দোলিত করে। এ সময় তিনি সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথাও স্মরণ করেন।
মুক্তিযোদ্ধাদের কল্যাণে অতীতের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে সরকারপ্রধান বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি স্মরণ করেন, ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়েছিল, যা ছিল সময়োপযোগী সিদ্ধান্ত।
বয়সের ভারে ক্লান্ত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, জীবনসায়াহ্নে এসেও তাদের চোখে স্বাধীনতার দীপ্তি জ্বলজ্বল করছে। এই জীবন্ত কিংবদন্তিদের প্রতিবছর আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর উদ্যোগ নেওয়ায় সশস্ত্র বাহিনী বিভাগকে প্রশংসা ও ধন্যবাদ জানান তিনি।
ভবিষ্যৎ অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও স্বাধীনতাপ্রিয় দেশবাসীর কাছে সরকারের দৃঢ় অঙ্গীকার-বীর মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত বর্তমান বাস্তবতায় বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করা।’
এ সময় সাধ্য ও সামর্থ্য অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন সরকারপ্রধান।
Leave a Reply