1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি-০১। এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এ সদস্যকে ডিবির কাছে সকালে হস্তান্তর করা হয়েছে। ডিবি পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।

এ বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, সাঈদ খোকনকে তাদের কাছে হস্তান্তর করেছে এসআরবি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ অনেকগুলো মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে, দুপুরে সাঈদ খোকনকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ডিবির অতিরিক্ত কমিশনার।

জানা গেছে, সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় তার বোন শাহানা হানিফ ও এক কর্মচারীর নামও রয়েছে।

২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন। পরে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ২০২৪ সালের বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com