1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

আবাসন সংকট ঘিরে পর্তুগালে আবারও বিক্ষোভ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

আবাসন সংকট ও বাড়িভাড়ার লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে পর্তুগালের কয়েক ডজন শহরে বিক্ষোভ করেছেন হাজারো নাগরিক। শনিবারের (১৪ নভেম্বর) এসব সমাবেশ থেকে বাড়িভাড়া নিয়ন্ত্রণ, ভাড়াটিয়াদের উচ্ছেদ থেকে সুরক্ষা এবং সরকারি উদ্যোগে আরও আবাসন নির্মাণের দাবি জানানো হয়।

‘এখানে বসবাসের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না’ এই স্লোগানে রাজধানী লিসবন, পোর্তোসহ বিভিন্ন শহরে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, আয় না বাড়লেও আবাসন ব্যয় বেড়েই চলেছে। বাড়ির মালিকদের ভাড়া বাড়ানোর সুযোগ সীমিত করা এবং আবাসন খাতে জল্পনামূলক বিনিয়োগ বন্ধেরও দাবি জানান তারা।

পোর্তোর বিক্ষোভে আবাসন অধিকার আন্দোলন ‘কাসা পারা ভিভের’ প্রতিনিধি রাকেল ফেরেইরা বলেন, ‘আমাদের বসবাসের জন্য বাড়ি প্রয়োজন, জল্পনামূলক ব্যবসার জন্য নয়। সরকারি আবাসন নির্মাণ করতে হবে এবং ভাড়া কমাতে হবে।’

সরকার সম্প্রতি একটি নতুন আবাসন বিল গ্রহণ করেছে। এতে বাড়ির মালিকদের জন্য ভাড়াটিয়াদের উচ্ছেদ প্রক্রিয়া সহজ ও দ্রুত করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি ভাড়ার সর্বোচ্চ সীমা তুলে দেওয়া, অগ্রিম জামানত ও ভাড়া বেশি নেওয়ার সুযোগ এবং ১৯৯০ সালের আগের চুক্তির নিয়ম পরিবর্তনের কথাও বলা হয়েছে।

সরকারের দাবি, এসব পদক্ষেপে ভাড়ার বাজারে আরও বাড়ি আসবে। তবে বামপন্থি ব্লকের সমন্বয়ক হোসে ম্যানুয়েল পুরেজা বিলটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন। আন্দোলনকারীদের আশঙ্কা, এতে ভাড়াটিয়ারা আরও অনিরাপদ হয়ে পড়বেন।

ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে পর্তুগালে আয়ের তুলনায় আবাসন ব্যয় বেড়েছে ৬০ দশমিক ৮ শতাংশ। ২০২০ সালের পর থেকে বাড়িভাড়া বেড়েছে ৬৮ শতাংশ। বিশেষ করে লিসবন ও পোর্তোতে পরিস্থিতি সবচেয়ে কঠিন।

পর্যটন বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ, গোল্ডেন ভিসা কর্মসূচি এবং স্বল্পমেয়াদি ভাড়ার জন্য বাসা ব্যবহারের প্রবণতাকে সংকটের অন্যতম কারণ হিসেবে দেখছেন অর্থনীতিবিদেরা। আন্দোলনকারীরা গোল্ডেন ভিসা ও ডিজিটাল যাযাবরদের জন্য দেওয়া সুবিধা বন্ধ এবং আবাসন তহবিলের কর ছাড় প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

সরকার নতুন বাড়ি নির্মাণে কর কমানো এবং ১ লাখ ৪৫ হাজার নতুন আবাসন তৈরির প্রতিশ্রুতি দিয়েছে। তবে এসব উদ্যোগের সুফল পেতে সময় লাগবে বলে স্বীকার করেছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com