1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক ব্যবসার মাধ্যমে বিশ্বজুড়ে টেকসই পরিবর্তনের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘হিলারি রডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন শান্তিতে নোবেলজয়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ঐতিহাসিক জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতার হাতে এই সম্মাননা তুলে দেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

গতকাল শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের গ্যাস্টন হলে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের প্রায় ২৫টি দেশের রাষ্ট্রদূত, বিশিষ্ট উদ্যোক্তা, গবেষক ও শিক্ষাবিদসহ চার শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ড. ইউনূসের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে করতালি দিয়ে তাকে সম্মান জানান।

এ বছর ড. ইউনূস ছাড়া আরও তিন নারীকে এই সম্মাননা দেওয়া হয়। তারা হলেন— ভারতের ‘সেলফ-এমপ্লয়েড উইমেনস অ্যাসোসিয়েশন’ (সেবা)-এর পরিচালক রিমা নানাবতী, আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার ও ‘টোরি বার্চ ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা টোরি বার্চ এবং জর্দানের ‘মাইক্রোফান্ড ফর উইমেন’-এর বোর্ড চেয়ার মুনা সুখতিয়ান। তাদের মধ্যে মুনা সুখতিয়ানকে দেওয়া হয় বিশেষ ‘জর্জটাউন অ্যাম্বাসেডরস অ্যাওয়ার্ড’।

অনুষ্ঠানে ড. ইউনূসের কাজের ভূয়সী প্রশংসা করে হিলারি ক্লিনটন বলেন, ‘আমি নিজে বাংলাদেশে গিয়ে গ্রামীণ ব্যাংকের মাঠপর্যায়ের কার্যক্রম দেখেছি। সেখানে নারীরা কীভাবে স্বাবলম্বী হয়ে নিজেদের নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করেছেন, তা সত্যিই অভূতপূর্ব। ড. ইউনূস কেবল বাংলাদেশের নারীদের ভাগ্য পরিবর্তন করেননি, বরং তার এই বৈপ্লবিক মডেল সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন।’

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় ড. মুহাম্মদ ইউনূস তার কাজের ৫০ বছর পূর্তির কথা স্মরণ করে বলেন, ‘আমাদের কাজের ৫০ বছরের এই স্বীকৃতি বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বার্তা পৌঁছে দেবে এবং গ্রামীণ পরিবারকে আরও অনুপ্রাণিত করবে।’

তিনি বলেন, ‘আমরা ক্ষুদ্রঋণের মাধ্যমে চরম দারিদ্র্যে থাকা নারীদের স্বাবলম্বী করার চেষ্টা করেছি। আজ সেই পরিবারগুলোর রূপান্তর ঘটেছে। এখন আর লাজুক, পিছিয়ে পড়া গ্রামীণ নারী দেখা যায় না; বরং আত্মবিশ্বাসী নারীরা আজ গ্রামীণ ব্যাংক পরিচালনা করছেন এবং তারাই এ ব্যাংকের প্রকৃত মালিক।’

বর্তমান প্রচলিত শিক্ষাব্যবস্থার সমালোচনা করে ড. ইউনূস বলেন, ‘আমাদের প্রচলিত শিক্ষা তরুণদের কেবল চাকরিপ্রার্থী হতে শেখায়, যা ভুল। শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত উদ্যোক্তা তৈরি ও মানুষের সৃজনশীলতার বিকাশ ঘটানো। আমরা তরুণদের সব সময় বলি— ‘আমরা চাকরিপ্রার্থী নই, আমরা চাকরিদাতা’।’

তিনি ঘোষণা দেন, তরুণদের চাকরি খোঁজার মানসিকতা থেকে বের করে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চলতি বছরের শেষ নাগাদ ‘গ্রামীণ বিশ্ববিদ্যালয়’ চালু করা হবে। এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্টার্টআপ ও ব্যবসা শুরুর জন্য অর্থায়নসহ সব ধরনের নীতিগত সহায়তা নিশ্চিত করবে, যা বিশ্বজুড়ে দারিদ্র্য, বেকারত্ব ও নেট কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে ‘তিন শূন্যের পৃথিবী’ গড়ার লড়াইকে নেতৃত্ব দেবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com