1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লম ও লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রবিবারের এই বিক্ষোভ চলাকালে হামলা চালিয়ে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। এ সময় জুলাই স্মৃতিস্তম্ভ এবং হাদি চত্বরের নামফলকও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকাল আটটা থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হতে শুরু করেন। পৌরসভার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের বাড়িতে তাদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়। পরে সেখান থেকে গাবতলা মোড়ে গিয়ে সালাউদ্দিনের নেতৃত্বে একটি মিছিল নিয়ে বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করেন তারা।
একই সময়ে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে এবং শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে আরও দুটি পৃথক মিছিল বের হয়। পরবর্তীতে সব মিছিল শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে এসে একটি বড় সমাবেশে মিলিত হয়। সেখান থেকে তারা মিছিল নিয়ে ব্যাংকপাড়ায় অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যান। দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা সেই কার্যালয়টি খুলে উল্লাস প্রকাশ করেন নেতাকর্মীরা।
মিছিল চলাকালে গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এরপর গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে ফেলে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টানিয়ে দেওয়া হয়। একই ধরনের তাণ্ডব চালিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদি চত্বর’-এর নামফলকও ভেঙে ফেলা হয়। পরে পুরোনো লঞ্চঘাট এলাকা, সরকারি কলেজ ও প্রেস ক্লাবের সামনের প্রধান সড়কে আগুন জ্বালিয়ে সড়ক যোগাযোগ পুরোপুরি অবরুদ্ধ করে দেওয়া হয়।
বিক্ষোভের একপর্যায়ে পুলিশের একটি সাঁজোয়া যানের (এপিসি) ওপর চড়ে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। উত্তেজিত কর্মীরা এপিসির পেছনের লুকিং গ্লাস ও একটি পুলিশ বক্সের গ্লাস ভাঙচুর করেন। পাশাপাশি সাঁজোয়া যানের গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেওয়া হয়।
নিষিদ্ধ ঘোষিত এই দলটির ঝটিকা মিছিল ও সহিংসতার কারণে বেলা ১১টা থেকে পৌনে দুইটা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেলেও সে সময় তাদের কার্যকর কোনো প্রতিরোধমূলক বা জোরালো তৎপরতা চোখে পড়েনি।
ঘটনার বিষয়ে জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। এ ছাড়া জেলা পুলিশের অন্য তিনজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com