রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানের আধুনিকায়ন শেষে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় তিনি আধুনিকায়ন করা উদ্যান এবং এর প্রাঙ্গণে নির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন।
প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ওসমানী উদ্যানের আধুনিকায়ন এবং এর প্রাঙ্গণে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হয়েছে। জুলাই শহীদ ও জুলাইয়ের বীর যোদ্ধাদের স্মরণে নির্মিত এই স্মৃতিস্তম্ভের মাধ্যমে দর্শনার্থীরা জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি স্মরণ করার সুযোগ পাবেন।
পুলিশ হেডকোয়ার্টারের বিপরীত পাশে অবস্থিত ওসমানী উদ্যানের মূল ফটক দিয়ে প্রবেশ করলেই বাম পাশে চোখে পড়বে লেক। উদ্যানের মাঝখানে রয়েছে ফোয়ারা। এ ছাড়া দর্শনার্থীদের জন্য তৈরি করা হয়েছে আধুনিক লাইব্রেরি, জিমনেশিয়াম ও ক্যাফেটেরিয়া।
লাইব্রেরির আগে বাম পাশ দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলে দেখা যাবে, আন্ডারগ্রাউন্ডে জাদুঘর নির্মাণের জন্য স্থান তৈরি করা হয়েছে।
উদ্যানের মাঝামাঝি স্থানে নির্মাণ করা হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভের চারপাশ পাকা করা হয়েছে। মাঝখানে স্টিলের পাতের ওপর খোদাই করা হয়েছে জুলাই শহীদদের নাম। এ ছাড়া স্মৃতিস্তম্ভের রেলিংয়ের ভেতরের পাশে জুলাই আন্দোলনের বিভিন্ন চিত্র স্থায়ীভাবে স্থাপন করা হয়েছে।
Leave a Reply